"এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরব খাটো করে"
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:১০
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের সাধ ও সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।’
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, প্রফেসর ওয়াকিল আহমেদ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা সঞ্চালনায় ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিকেল ৪টায় আলোচনাসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, ‘সেই লক্ষ্য পূরণের জন্যই বর্তমান গণতান্ত্রিক সরকার আপনাদেরই সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এ দেশের মানুষের নির্বাচিত সরকার, এ দেশের মানুষের প্রতিষ্ঠিত সরকার। সরকার রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণসহ কর্মসংস্থানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

logo-2-1757314069.png)
