ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন ঢাকায় ফেরার পালা মানুষের। গতকালের পর আজও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন মানুষ।
বাস থেকে নেমেই কেউ নিজ বাসার দিকে যাচ্ছেন আবার কেউ সরাসরি রওনা হচ্ছেন অফিসের পথে। আজ (শনিবার) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
নাটোর থেকে আসা যাত্রী আমিনুল ইসলাম বলেন, রাতে রওনা দিয়েছি। সকালে ভালো মতো পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আগামী কালকে অফিস আছে তাই আজকেই চলে এসেছি।
রহমান নামে আরেক ব্যক্তি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কুড়িগ্রাম থেকে এসেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা রওয়ানা দিয়েছি, মাত্র গাড়ি থেকে নামলাম। টাঙ্গাইলে নাকি একটি দুর্ঘটনা হয়েছে। তার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি ছিল। পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যে কারণে কিছুটা দ্রুত এসেছি। তা না হলে আরও সময় লাগতো।
বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণে সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।

logo-2-1757314069.png)
