যাত্রীসহ পদ্মায় ডুবে যাওয়া বাসটি ৮০ ফুট গভীরে চলে গেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০০:২৬
দৌলতদিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটির শুরুতে অবস্থান ছিল প্রায় ৩০ ফুট গভীরে, তবে পরে তা নেমে গিয়ে প্রায় ৮০ ফুট নিচে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ডুবুরি দল বাসটি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকাজে গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট ও আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩৩ জনের মতো যাত্রীর মরদেহ পানির নিচে রয়েছে।
এদিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানিয়েছেন, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এর আগে, বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। জানা গেছে, একটি ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা জানায়, বাসটিতে ৪০ থেকে ৪৫ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

logo-2-1757314069.png)
