Logo
×

জাতীয়

খোঁজ মিলছে না জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নির, মারা গেছেন মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০০:২৩

খোঁজ মিলছে না জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নির, মারা গেছেন মা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় খোঁজ মিলছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ানের। তার সঙ্গে থাকা ভাগ্নিও নিখোঁজ রয়েছে। এ দুর্ঘটনায় ডাক্তার বড় বোন নুসরাত জাহান খান সাবা বেঁচে ফিরলেও মারা গেছেন রাইয়ানের মা রেহেনা আক্তার (৫৯)।

মা, বড় বোন, ভাগ্নিকে নিয়ে ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন আহনাফ রাইয়ান।

তিনি রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। নিখোঁজ আহনাফ রাইয়ান রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। তিনি জাবি ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছিলেন। স্কুলজীবন থেকেই তিনি বিতর্ক চর্চা করতেন।

জাবিতেও বিতর্ক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার নিখোঁজের খবরে রাজবাড়ীর বিতর্ক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। রাইয়ানের মামা আওয়াল আনোয়ার জানান, ঈদের ছুটি শেষে তার বোন রেহেনা আক্তার, ভাগ্নে রাইয়ান, ভাগ্নি ডা. সাবা এবং সাবার ৭ বছর বয়সী মেয়েকে নিয়ে রাজবাড়ী থেকে ঢাকার বাসায় যাচ্ছিল। তার ভাগ্নি বাস থেকে বের হতে পারলেও আর কেউ বের হতে পারেনি।