Logo
×

জাতীয়

নতুন পোশাক পেয়েছেন সাবেক মন্ত্রী-এমপিরা, ঈদ জামাতে যাবেন মামুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:৩৫

নতুন পোশাক পেয়েছেন সাবেক মন্ত্রী-এমপিরা, ঈদ জামাতে যাবেন মামুন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের পরপরই ঈদুল ফিতরের আনন্দ উৎসবে অংশ নেবেন। নতুন পোশাক গায়ে দিয়ে তারা চার দেয়ালের ভেতরে কঠোর নিরাপত্তার বেষ্টনীতেই ঈদ উদযাপন করবেন। এ উপলক্ষে কারাগারগুলোতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং ঈদের বিশেষ খাবারের আয়োজন, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।

কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দি সাবেক মন্ত্রী-এমপি, আমলাসহ অন্যান্য বন্দিরা পরিবারের পক্ষ থেকে ঈদের নতুন পোশাক পেয়েছেন। অন্যদিকে, দুস্থ বন্দিদের জন্য কারা অধিদপ্তর ও সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় আটক আওয়ামী লীগ সরকারের এসব সাবেক মন্ত্রী-এমপি ও সচিবসহ প্রায় সবাই এবার প্রথমবারের মতো ঢাকার কেরানীগঞ্জে বিশেষ কারাগারে ঈদ উদযাপন করবেন। যদিও গত বছর তাদের অনেকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই ঈদ উদযাপন করেছিলেন।

সাবেক আইজিপি ও রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন একই কারাগারে অবস্থান করলেও অন্যান্য বন্দিদের চোখের আড়ালে একটি পৃথক কক্ষে একাকী থাকেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তাকে ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। তবে তিনি নিজে ঈদের জামাতে অংশগ্রহণের দাবি জানিয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে গোটা দেশ। সেই আনন্দে অংশ নেবেন কারাবন্দিরাও। কারা অধিদপ্তর জানিয়েছে, দুস্থ বন্দিদের জন্য নতুন পোশাক লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে পাঠানো নতুন পোশাক হাতে পেয়েছেন গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় বন্দি সাবেক মন্ত্রী-এমপিসহ অন্যান্যরা।

বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বন্দিদের ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ঈদের দিনসহ তিন দিনের মধ্যে একদিন বন্দিরা স্বজনদের সঙ্গে তিন মিনিট মোবাইলে বিনামূল্যে কথা বলার সুযোগ পাবেন। একই সময়ের মধ্যে একদিন স্বজনরা কারাগারে গিয়ে বাসা থেকে রান্না করা খাবার বন্দিদের দিতে পারবেন। নিয়ম অনুযায়ী সরাসরি সাক্ষাতের সুযোগও থাকবে। ঈদ উপলক্ষে দেশের সব কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কারা গোয়েন্দাদের নজরদারি বাড়ানো হয়েছে। কারা সূত্র বলছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় বন্দি সাবেক আওয়ামী লীগের নেতা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ মন্ত্রী, এমপি, সচিব ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৩ জন বন্দিকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে রাখা হয়েছে। এর আগে তারা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঈদুল ফিতর উদযাপন করলেও এবার প্রথমবারের মতো বিশেষ কারাগারে ঈদ পালন করবেন।