ঈদের কেনাকাটা যেন শেষ হয়েও হয় না শেষ। কী যেন শেষ দিনের জন্য বাকি থেকে যায়। শেষ কেনাকাটা এনে দেয় ঈদের পূর্ণতা। আর সেটি হলো আতর,জায়ানামাজ আর টুপি।
তাইতো শেষ দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আতর-টুপির মার্কেটে তিল ধারনের ঠাঁই নেই। শুক্রবার (২০ মার্চ) বৃষ্টি উপক্ষো করেও মুসল্লিরা কেনাকাটা করছেন। ঈদের দিনে সুগন্ধির সৌরভ ছড়িয়ে দিতে এবং জায়নামাজে নামাজ পড়তে চায় মুসল্লিরা। তাই বিভিন্ন দেশের আতর এবং বাহারি ডিজাইনের জায়নামাজ ও টুপি কিনছেন তারা।
জায়নামাজ
বাহারি রং ও নকশার বিভিন্ন ধরনের জায়নামাজ বিক্রি করতে দেখা যায়। দেশি জায়নামাজ ছাড়াও ভারত থেকে শুরু করে তুরস্ক, চীন,সৌদি আরব, পাকিস্তান ও বেলজিয়ামে তৈরি জায়নামাজ বিক্রি হচ্ছে। ১৫০ টাকা থেকে শুরু হয় দেশি জায়নামাজের দাম। আর আমদানি করা বিদেশি জায়নামাজ পাবেন সাড়ে তিন শ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।
আতর
সুগন্ধের সুরভি ছড়াতে আতরের বাজারের ভিড় দেখা গেছে বেশি। বাজারে দেশিসহ বিদেশি আতারও বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, শাইখা, হাজরে আসওয়াদ, অ্যাম্বার, কস্তুরি, সুলতান, উদ, কিং হোয়াইট, আল-ফারেজ, কুল ওয়াটার, গ্রিন আইরিশ, ব্লু দিশেনেল, আওয়াজ, ফ্যান্টাসি, ভ্যাম্পায়ার ব্লাড, মিস ডিওর, গুড গার্ল, ডিজনি প্রিন্সেস, অ্যাম্বার, উদ, কস্তুরী নামের আতর। দেশি আতর প্রতি ৬ মিলিলিটারের দাম ১২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। বিদেশি আতরের ক্ষেত্রে প্রতি ৩ মিলিলিটারের দাম শুরু ২০০ টাকা থেকে।
টুপি
কম দামের মধ্যে ৫০ থেকে ৬০ টাকায়ও টুপি পাওয়া যাচ্ছে। তবে ডিজাইনের মধ্যে দেশি টুপি ১০০ টাকা থেকে ১ হাজার টাকা, চায়না টুপি ২০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এর থেকে একটু বেশি দামে মিলছে ভারতীয় টুপি। এসব টুপির বিক্রি বেশি। এর বাইরে মালয়েশিয়া, তুরস্ক, ভারত, সৌদিসহ মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত টুপির দাম হাজার টাকার ওপরে। ৫-৭ হাজার টাকারও টুপি আছে। ডিজাইন ভেদে টুপির বাহারি নামও রয়েছে। এর মধ্যে নেটের জালি টুপি, পুঁতি ও চুমকির কাজ করা টুপি, কুশিকাঁটা, সিডনি, ওয়ানি, পাঠানি, গুজরাটি ইত্যাদি অন্যতম। পুরান ঢাকা থেকে আব্দুল্লা পাঠান তার দুই ছেলেকে নিয়ে এসেছেন আতর টুপি কিনতে। বড় ছেলে জিয়াদ পাঠান কিনেছেন টুপি। আর ছোট ছেলে তাজরিয়ান পাঠান কিনেছেন আতর। প্রয়োজনীয় জামাকাপড় কেনা কাটা শেষে বাড্ডা থেকে এসেছেন খায়রুল ইসলাম। তিনি জানান, এখন শুধু আতর টুপি আর জায়নামাজ কেনা বাকি। সেটা কেনার জন্য বায়তুল মোকররম এসেছি। যাত্রাবাড়ী থেকে বিল্লাল হোসেন এসেছেন বাবার জন্য আতর কিনতে। সঙ্গে কিনবেন তসবিহও। দোকানি আলম খান বলেন, মানুষ প্রচুর তাসবিহ আতর টুপি বিক্রি হচ্ছে। ভাইয়ের জন্য, দাদাার জন্য, বাবার জন্য। গতবারের তুলনায় এবার বিক্রিও বেশি হচ্ছে।

logo-2-1757314069.png)
