মেট্রোর নিচে ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২০:১৮
রাজধানীর উত্তরায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এরপর স্থানীয় কয়েকটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে (ঢামেক) নিয়ে আসলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তা আক্তারের স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে উত্তরায় মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দিলে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুত্ব আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo-2-1757314069.png)
