Logo
×

জাতীয়

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়— দাবি সড়ক প্রতিমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৬:০৬

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়— দাবি সড়ক প্রতিমন্ত্রীর

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে দুই-তিনগুন বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এখন পর্যন্ত কোনো যাত্রী ভাড়া নিয়ে অভিযোগ করেনি বলেও জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হাবিবুর রশিদ হাবিব। এ সময় বেশকিছু যাত্রীর সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রার বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, সাফল্য-ব্যর্থতার দায় ঈদের পর নির্ধারণ হবে৷

হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদ যাত্রায় দুর্ঘটনার দায় সরকারের ওপরই বর্তায়। তবে যাত্রীদেরও সচেতন থাকতে হবে। ঈদের পর রেল সেবাকে উন্নত ও যোগাযোগ পথ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এর আগে, বুধবার (১৮ মার্চ) দেশের গণমাধ্যমে পাঠানো এক সমীক্ষা প্রতিবেদনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করে, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে।

ঈদুল ফিতরের যাত্রায় বিভিন্ন শ্রেণির বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে বলে অভিযোগ সমিতির।