সদরঘাটে বেড়েছে যাত্রীর চাপ, ভোগান্তি ছাড়াই বাড়ি যাচ্ছে মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০০:৩৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গরম ও যানজট উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রা করতে হাজারো যাত্রী ভিড় করছেন এই নৌবন্দরে। তবে দীর্ঘ ছুটি হওয়ায় নগরবাসী আস্তে ধীরে রাজধানী ছাড়ছেন। ফলে টার্মিনাল এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বাড়লেও চাপ দেখা যায়নি।
এদিকে কোনো রকম ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন রাজধানীবাসী। আজ যাত্রীদের ভিড় না থাকলেও আগামীকাল (বুধবার) থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৭ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট টার্মিনালে যাত্রীরা আসছেন।
পরিবার-পরিজন নিয়ে অনেকে আগেভাগেই ঘাটে এসে অবস্থান নিচ্ছেন, যাতে নির্ধারিত লঞ্চে উঠতে পারেন। অনেক যাত্রী লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকেই এসে বসে আছেন। সকালে তেমন ভিড় ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে টার্মিনালে।
বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা রুটে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি দেখা গেছে। বিকেল ৪টার মধ্যে বেশির ভাগ লঞ্চের কেবিন বুক হয়ে গেছে।
এছাড়া নতুন পন্টুন স্থাপন করায় আয়তন ও প্রস্থ বেড়েছে টার্মিনালের। ফলে যাত্রীরা নির্বিঘ্নে লঞ্চে উঠতে পারছেন। পন্টুনগুলোতে যাত্রীদের তেমন কোনো ভিড় দেখা যায়নি। দূরপাল্লার লঞ্চগুলো বিকেল ৪টা থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে সদরঘাট ছেড়ে যাচ্ছে। নির্ধারিত সময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে। ঈদে আনন্দের সঙ্গে ঘরে ফেরার এ যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, এটিই এখন সব যাত্রীর প্রত্যাশা। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নৌ-প্রশাসন জানায়, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বারবার মাইকিং করে নিরাপদে যাত্রার নির্দেশনা দিচ্ছেন।

logo-2-1757314069.png)
