Logo
×

জাতীয়

বাড়ছে না তেলের দাম, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৬:১০

বাড়ছে না তেলের দাম, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন খাতে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানিয়েছেন, ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়বে না। ফলে এ অজুহাতে পরিবহন ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পরিবহন মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ১৫ তারিখ থেকে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। কোনো অবস্থাতে সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, আমাকে জানান, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার। তিনি আরও জানান, মাঝখানে তেলের দাম বাড়ার আশঙ্কায় কিছু অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা সরকারের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া ট্রেনযাত্রা নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, সকাল থেকে ২১টি ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলোই সঠিক সময়ে যাতায়াত করছে। গত কয়েকদিন একটি দুর্ঘটনার কারণে দুটি ট্রেন তিন ঘণ্টা লেইটে চললেও আজ তা কমিয়ে ৪০ মিনিটে আনা হয়েছে। আগামী দুদিনের মধ্যে শিডিউল পুরোপুরি স্বাভাবিক হবে।