Logo
×

জাতীয়

আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: তারেক রহমান

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:১৪

আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: তারেক রহমান

দেশের নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে এই কার্ড তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারী এই কার্ডের সুবিধা পাচ্ছেন।

এর মধ্যে রাজধানীর কড়াইল, ভাষানটেক এবং সাত তলা এলাকার প্রায় ১৫ হাজার নারীকে আজ এই কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে, তাদের শিক্ষা ও আর্থিকভাবে ক্ষমতায়ন না করে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

কৃষক কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতির আরেকটি হলো কৃষি কার্ড। এর বাস্তবায়নও আমরা শুরু করেছি। আজকের দিনে আমার যে ৩৭ হাজার নারীকে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড দিতে সক্ষম হবো। আমরা বলেছিলাম যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সুদ সহ আমরা তা মওকুফ করবো। গত সপ্তাহে সুদ সহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে।