ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০০:৫১
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা নির্বাচিত হয়েছি, ক্ষমতা গ্রহণ করি নাই, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটা আমাদের কাছে পাওয়ার না, ক্ষমতা না, এটা রাষ্ট্রীয় দায়িত্ব।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সানাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা নৈতিক অবস্থান থেকে রাষ্ট্রীয় এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে এই দেশের মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা শপথ নিয়েছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী বলেন, সরকার শপথ নিয়েছে একমাসও হয়নি। ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষেই সম্ভব এদেশ পরিচালনা করা। মন্ত্রী প্রশ্ন রেখে আরও বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে কেউ কি প্রশ্ন তুলতে পারবেন, যে ফ্যামিলি কার্ড একটা গোষ্ঠীর জন্য দেয়া হয়েছে। এ ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য দেয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড দেশের সকল মানুষকে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শৈবাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বাবু শংকর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন নাথসহ অনেকে।

logo-2-1757314069.png)
