Logo
×

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০০:৪৮

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় নিযুক্ত ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেটের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের ফিলিপাইন-সম্পর্কিত আইনগত ও বিচারিক বিষয়গুলো যথাযথভাবে এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের ফিলিপাইনসহ শান্তি প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা অভিযান ও দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সংযোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত জানান, সমুদ্র খাতের সহযোগিতার জন্য পূর্বে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই নার্সিং খাতেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। উভয় পক্ষ শ্রম সহযোগিতা, জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ফিলিপাইনের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কাজের বিষয়েও আলোচনা করেন।