Logo
×

জাতীয়

আপনি কি রোজা রেখেছেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫১

আপনি কি রোজা রেখেছেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর মসজিদের সামনে এ দৃশ্য দেখা গেছে। পরে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল হয়।

মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখামাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করে বসল, ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ শিশুর এ নিষ্পাপ প্রশ্নে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী। পরম মমতায় উত্তর দিলেন ‘জি, আমি সব রোজা রেখেছি’। কিন্তু পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল, ‘না না, ও তো আজ সকালেই খেয়েছে, ও আজ রোজা নেই!’

বন্ধুর এমন মন্তব্যে শিশুটি কিছুটা বিব্রত হয়ে পড়লেও তারেক রহমান হাসিমুখে তাকে কাছে টেনে নেন। মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’ প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে।

এক শিশু বেশ বুক ফুলিয়ে দাবি করল, সে সবগুলো রোজা রেখেছে। তিনি শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন। উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের আনন্দের সীমা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সাবলীল ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।