Logo
×

জাতীয়

রাষ্ট্রকে আরও মানবিক করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০

রাষ্ট্রকে আরও মানবিক করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, রাষ্ট্রকে আরও মানবিক করে গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকের জীবন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে রাষ্ট্র ও সমাজকে আরও মানবিক হিসেবে গড়ে তুলতে আমাদের সর্বদা তৎপরতা থাকতে হবে।  


শুক্রবার সকালে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত বরিশাল ও পিরোজপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এ কান্না যেন থামেই না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পাশাপাশি অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এই নিঃস্ব পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। এছাড়াও অর্থ সহায়তার পাশাপাশি রাষ্ট্র ও সমাজকে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে হবে।


সড়ক দুর্ঘটনা রোধের প্রসঙ্গে  মন্ত্রী বলেন, চালক, পথচারী এবং সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত তাদেরকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সচেতনত থাকতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি নীতিনির্ধারকদের যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে।


পরিবহন শ্রমিক নেতাদের স্বেচ্ছাচারিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি, হয়রানি, ট্রাফিক আইন অমান্য করাসহ যত্রতত্র ধর্মঘট করার ফলে জনজীবনকে নানা রকম ভোগান্তিতে ফেলে দেয়। এই অরাজকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোন ধরনের আইন বহির্ভূত কাজ করা যাবে না বলে তিনি এসময় মন্তব্য করেন।


উল্লেখ্য, পিরোজপুর জেলার ৭ জন ও বরিশাল জেলার ৫৪ জনসহ মোট ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল বিআরটিএ পরিচালক মোঃ জিয়াউর রহমান, বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিক, সড়ক শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফা কামাল, বরিশাল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শিকদার ডালিম ও গণমাধ্যমকর্মী।