Logo
×

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ (শনিবার) রাজধানীতে নেমেছে মানুষের ঢল। হাতে ফুল আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের দিকে দীর্ঘ লাইন। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি।

শ্রদ্ধা জানাতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদিচি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকেই এসেছেন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার শিশুদের হাত ধরে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতেও দেখা গেছে অনেক অভিভাবককে।

বাংলাদেশ স্কাউটসের এক সদস্য মাহদি হাসান বলেন, শৃঙ্খলা রক্ষা করতে এসে বুঝতে পারছি, মানুষের আবেগ কত গভীর। সবাই খুব সম্মান নিয়ে, নিয়ম মেনে শ্রদ্ধা জানাচ্ছেন। এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।