Logo
×

জাতীয়

কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯

কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারও চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

রেলপথের উন্নয়ন নিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, রেলের পরিধি বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন ও বগি সংযোজন করে যাত্রীসেবা উন্নত করা হবে।

সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ‘সরকার অগ্রাধিকার ভিত্তিতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবে। বিশেষ করে যানজট নিরসন এবং যত্রতত্র পার্কিং ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

আসন্ন ঈদুল ফিতর নিয়ে আগাম পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তি নিশ্চিত করতে ঈদের ছুটি বাড়ানো যায় কি না এবং তৈরি পোশাক শিল্প কারখানায় আগেই ছুটি দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সবার সঙ্গে সমন্বয় করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সড়ক ও রেলপথে শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।