আজ কেন্দ্রে যাবে সামগ্রী, যে কোনো সময়ের চেয়ে পরিবেশ ভালো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪১
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতির অংশ হিসেবে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী বুধবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তারা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, সেগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট হবে পরে। মাহেন্দ্রক্ষণ সমাগত। ইনশাআল্লাহ, একদিন পরই আমাদের অতি প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রচার-প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৯৯ আসনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে এবং ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা হবে। সব মিলিয়ে ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।

logo-2-1757314069.png)
