Logo
×

জাতীয়

নির্বাচনে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনসিসি

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৬

নির্বাচনে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনসিসি

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। 

উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে, অপরাধ করে কেউ পাড় পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। 

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।