নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সের ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা।
নেদারল্যান্ডস আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান। জবাবে বাংলাদেশ শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দৃঢ় জুটিতে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০) ফিরে যান। এরপর শারমিন আক্তার সুপ্তা ১৩ রান করে আউট হন। কঠিন পরিস্থিতিতে জ্যোতি ও মোস্তারি ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অধিনায়ক জ্যোতি ৭টি চারে অপরাজিত ৫০ রান করেন, আর মোস্তারি ৫টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করেন।
এর আগে নেদারল্যান্ডসের ব্যাটিংয়েও দাপট দেখান বাংলাদেশের বোলাররা। এক পর্যায়ে মাত্র ২৩ রানেই ৫ উইকেট হারায় ইউরোপের দলটি। পরে রবিন রিজক ৩৯ রান ও সানিয়া খুরানা অপরাজিত ৪৩ রান করে দলীয় সংগ্রহ শতরান পার করান।
বাংলাদেশের বোলিংয়ে নাহিদা ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া মারুফা, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট শিকার করেন।

logo-2-1757314069.png)
