‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪
‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘শূন্য থেকে শুরু’ শিরোনামের টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এই যাত্রা লগ্নে তার সঙ্গী হয়েছিলেন তাহসান। তার পরের গল্প কারো অজানা নয়।
নিয়মিত কাজ করছেন সুনেরাহ। টিভি নাটকে তার অভিনয় প্রতিনিয়ত প্রশংসা কুড়াচ্ছে। কাজের খবর ভাগ করে নিতে যেমন সোশ্যাল মিডিয়াকে বেছে নেন, তেমনই ব্যক্তিগত নানা অনুভূতিও এ মাধ্যমে প্রকাশ করেন এই অভিনেত্রী। সোমবার (৬ এপ্রিল) রাতে সুনেরাহ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জীবন সংগ্রামের কিছু বিষয় শেয়ার করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, “যারা আমাকে ভালোবাসেন, যত্ন নেন, খোঁজ রাখে—আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারারা জানে সত্যিই কৃতজ্ঞ। শুধু ইচ্ছে করে, তারা যদি আমাকে আরো একটু বেশি বুঝতে পারত।”
কিছু কিছু দিন সুনেরাহ বিনতে কামালের পৃথিবীটা ভেঙে পড়ে। তা স্মরণ করে তিনি বলেন, “দেখো, আমি কথায় বা নিজের অনুভূতি প্রকাশে খুব পারদর্শি নই। কিন্তু আমি চাই, তারা যেন বুঝতে পারে—কিছু কিছু দিন আমার পৃথিবীটা ভেঙে পড়ছে, তবু সেটা একাই সামলাতে চাই। ভাঙা টুকরোগুলো কুড়িয়ে আবার জোড়া লাগানোর চেষ্টা করি, একা, নিঃশব্দে।” কিছু লড়াই সুনেরাহ একা লড়তে চান। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “কখনো কখনো তাদের সাহায্যের প্রস্তাব আমার ভালো লাগে না। কারণ আমি কিছু লড়াই নিজে লড়তে চাই, যেগুলো নিয়ে গর্ব করতে পারব। দরকার হলে হারব, তবু গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব।” বিনীত আহ্বান জানিয়ে সুনেরাহ বলেন, “আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার পাশে আছেন। শুধু চাই, তারা যেন সেই দেয়ালগুলোও দেখতে পা, যেগুলো নিয়ে কথা বলতে পারি না।”
সুনেরাহ বিনতে কামালের পোস্টটি পড়ে তার ভক্ত-অনুরাগীরা নানা ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অনেকের ধারণা, তাদের প্রিয় অভিনেত্রীর মন ভীষণ খারাপ। অনেকে মন খারাপের কারণ জানতে চেয়ে মন্তব্য করেছেন। যদিও এসব নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই অভিনেত্রী।

logo-2-1757314069.png)
