ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। ব্যক্তিগত জীবনে বেশ স্বাধীনচেতা মানুষ। অভিনয়ের পাশাপাশি কবি-লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। শুধু তাই নয়, ভালো ছবিও আঁকেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব আশনা হাবিব ভাবনা। কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা অনুভূতির কথা প্রকাশ করতে এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন। আবার নিজের ভাবনাকে রং-তুলির মাধ্যমে প্রকাশ করে থাকেন। মাঝে মধ্যে নিজের আঁকা ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন এই অভিনেত্রী। ভাবনা মনে করেন—বেদনাই তার বড় শক্তি।
আশনা হাবিব ভাবনা বলেন, “আমার যখন দুঃখ হয়, বেদনা হয় তখন আমি কবিতা লিখি। আমার এরকমও ছবি আছে, যেটা আমার চোখের জল দিয়ে এঁকেছি। অন্য কোনো পানি ব্যবহার করিনি। আমি একটু পাগল আছি।” ভাবনা মনে করেন তার বড় শক্তি তার বেদনা। এ অভিনেত্রীর ভাষায়—“আমার মনে হয়, আমার বেদনা আমার বড় শক্তি। আমি যখন অনেক কষ্টে থাকি, তখন ছবি আঁকতে ভালো লাগে, লিখতে ভালো লাগে।” বাবার সুবাদে ছোটবেলা থেকেই লাইট-ক্যামেরার সঙ্গে পরিচিত ভাবনা। এমনকি মাত্র দুই বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। যদিও ছোটবেলায় তার অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না।
একটি মুঠোফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে প্রথম দর্শকদের নজরে আসেন ভাবনা। পরবর্তীতে টেলিভিশন নাটকের মাধ্যমে আলোচিত হন। এরপর অসংখ্য একক, ধারাবাহিক নাটক দর্শকদের উপহার দেন এই অভিনেত্রী। অনিমেষ আইচের ‘জেদ’ সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান ভাবনা। এতে তার নয়নতারা চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে নানা কারণে তা থেমে যায়। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

logo-2-1757314069.png)
