Logo
×

জলসা ঘর

চলচ্চিত্রে গান থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১

চলচ্চিত্রে গান থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং

প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের, ভক্তদের মধ্যে ধোঁয়াশা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়েছেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি আর নতুন কোনো কাজ নেবেন না। প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় উদ্বেগ।

অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না।

পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে অরিজিৎ জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন এবং চলতি বছর আরও কিছু গান প্রকাশ পাবে। কেন হঠাৎ এমন সিদ্ধান্তসে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি প্লেব্যাক গান থেকে স্থায়ী বিদায়, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা অরিজিৎ সিং ২০১১ সালে মার্ডার সিনেমার মাধ্যমে প্লেব্যাক জগতে পা রাখেন। ২০১৩ সালে আশিকি -এর তুম হি হো গান তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন তিনি।

৩৮ বছর বয়সে এসে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় অনুরাগীরা হতবাক হলেও অরিজিতের এক কথায় আশ্বস্তগান থামছে না, বদলাচ্ছে কেবল পথ।