বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৬:৩৭
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে। এ সময় পোর্টারদের বেতন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে বলে জানান তিনি। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ৫ জন হামে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামে আক্রান্ত একজন মারা গেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার-নার্সসহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। উল্লেখ্য, রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। এজন্য দেশজুড়ে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি।

logo-2-1757314069.png)
