ইবিতে সিসিআরটিবির দিনব্যাপী ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। এর আগে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবনে আইয়ুব এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

সেমিনারে বক্তারা বলেন, সুস্থ জীবনচর্চা এবং নিয়মিত পরীক্ষাই পারে ক্যান্সার প্রতিরোধ করতে। এ সময় তারা ক্যান্সার প্রতিরোধের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ধূমপান পরিহার, পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও শাকসবজি এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, ভাজাপোড়া খাবার পরিহার, অ্যালকোহলযুক্ত পানীয় পরিহার, নিয়মিত ব্যায়াম, কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তার নির্দেশনা অনুসরণ ও নিয়মিত ক্যান্সার যাচাই প্রোগ্রামে পরীক্ষা করানোর প্রতি আহ্বান জানান।
সেমিনারে প্রধান আলোচক ড. মোস্তাক ইবনে আইয়ুব ক্যান্সারের ধরন ও এর বিভিন্ন পর্যায়, এ থেকে উত্তরণের উপায় ও সিসিআরটিবির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, ক্যান্সার কোনো বড় রোগ নয়, সামাজিক সচেতনতা, সঠিক সময়ে চিকিৎসা এবং আত্মসচেতনতার মাধ্যমে খুব সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

logo-2-1757314069.png)
