ইবির নিবন্ধিত সংগঠন মার্শাল আর্ট সায়েন্স অ্যাসোসিয়েশন
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ২০:৪৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আত্মরক্ষা দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও বিজ্ঞানভিত্তিক মার্শাল আর্ট চর্চার লক্ষ্যে পরিচালিত সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট সায়েন্স অ্যাসোসিয়েশন (আইইউএমএএসএ) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অনুমোদন পেয়েছে। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সংগঠনটির সভাপতি ফাইমুন নোমানের আবেদন এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সংগঠনটিকে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তালিকাভুক্ত করে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করেছেন।
জানা যায়, ২০২২ সালে “ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাব” নামে যাত্রা শুরু করা সংগঠনটি পরবর্তীতে কার্যপরিধি সম্প্রসারণের মাধ্যমে “ইসলামী বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট সায়েন্স অ্যাসোসিয়েশন (আইইউএমএএসএ)” নামে নতুনভাবে কার্যক্রম পরিচালনা শুরু করে। বর্তমানে সংগঠনটি কারাতে, উশু, কিকবক্সিং, সেল্ফ-ডিফেন্স, ফিটনেস ট্রেনিং এবং মার্শাল আর্ট সায়েন্সভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের সভাপতি ফাইমুন নোমান বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষা সচেতনতা বৃদ্ধি এবং শৃঙ্খলাবোধসম্পন্ন আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বিস্তৃত পরিসরে বিজ্ঞানভিত্তিক মার্শাল আর্ট ও আত্মরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”
উল্লেখ্য, বিগত কয়েক বছরে সংগঠনটি ক্যাম্পাসে নিয়মিত প্রশিক্ষণ সেশন, ফাইটিং প্র্যাকটিস, বেল্ট টেস্ট, সেল্ফ-ডিফেন্স কর্মশালা, ফিটনেস ক্যাম্পসহ বিভিন্ন সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি আয়োজিত পাঁচ দিনব্যাপী “অদম্য ওয়ার্কশপ”-এ অংশগ্রহণকারীদের মার্শাল আর্টের প্রাথমিক প্রশিক্ষণ, আত্মরক্ষামূলক কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং শৃঙ্খলাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও সংগঠনটির সদস্যরা বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।

logo-2-1757314069.png)
