বেরোবির বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৩৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ উঠেছে এক বাসচালকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-মেডিকেল মোড়-বিশ্ববিদ্যালয় রুটে এ ঘটনা ঘটে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিলেও অনেক সময় বাস থামে না। বিশেষ করে বিআরটিসি বাসচালকদের বেপরোয়া গতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন শিক্ষার্থীরা। বাসে ওঠা বা নামার সময় নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না। অনেক সময় ঠিকমতো বাসে ওঠার আগেই গাড়ি চালিয়ে দেওয়া হয়।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মুমতাস তামান্না বলেন, আজ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের বাস চেকপোস্টে আমাদের তিনজন নারী শিক্ষার্থীকে রেখেই চলে আসে। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও চালক বাস থামাননি। পরে বাধ্য হয়ে আমরা অটোতে উঠি। দুর্ভাগ্যবশত সেই অটো দুর্ঘটনার শিকার হয়। এতে আমি মাথায় আঘাত পাই। আলহামদুলিল্লাহ, অন্যরা বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছে।
তিনি আরও বলেন, একবার ভেবে দেখুন, আজ যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত তাহলে এর দায়ভার কে নিত? আমরা তো নিরাপত্তার জন্যই বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচল করি। পরিবার থেকে দূরে থেকে প্রতিদিন ক্লাস, পরীক্ষা ও পড়াশোনার জন্য রাস্তায় বের হই। যদি রাস্তায় পড়ে থাকতাম, তখন আমাদের পাশে কে দাঁড়াত?
তিনি বলেন, দুঃখজনকভাবে কিছু বাসচালকের দায়িত্বহীন আচরণ আমাদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলছে। অনেক সময় বিআরটিসি বাসচালকরা অত্যন্ত বেপরোয়া ও উড়নচণ্ডীর মতো গাড়ি চালান। শিক্ষার্থীরা উঠলো কি উঠলো না, কেউ পিছনে রয়ে গেল কি না, সেসবের প্রতিও কোনো খেয়াল থাকে না। যেন বাস নিয়ে চলে আসতে পারলেই দায়িত্ব শেষ।
এ বিষয়ে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, বিআরটিসি বাসগুলোতে প্রতিনিয়ত চালক পরিবর্তন হয়। নতুন চালক আসলে এ ধরনের ভুল হয়ে থাকে। সমস্যা সমাধানের জন্য আমরা বারবার চিঠি দিয়েছি, কিন্তু এখনো কার্যকর সমাধান হয়নি। এবার বিআরটিসি কর্তৃপক্ষ ও চালকদের ডেকে তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

logo-2-1757314069.png)
