Logo
×

শিক্ষা

ইবির উপাচার্য পদে বগুড়ার কৃতি সন্তান, কেক কেটে উদযাপন জেলার শিক্ষার্থীদের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৭:৪৭

ইবির উপাচার্য পদে বগুড়ার কৃতি সন্তান, কেক কেটে উদযাপন জেলার শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।


এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এদিকে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেছে ইবিস্থ বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি। 


বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাব্বির হাসান, সাধারণ সম্পাদক এজেডএম তাওসিফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতরা নবনিযুক্ত উপাচার্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে সংগঠনের পক্ষ থেকে কেক কেটে আনন্দ উদযাপন করা হয় এবং উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।


সংগঠনটির সভাপতি সাব্বির হাসান বলেন, “অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান স্যার অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক ও দূরদর্শী নেতা। এ দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও আমরা প্রত্যাশা করি।”