Logo
×

শিক্ষা

বাকৃবিতে ২৫ গবেষক ও ৬ কৃষককে সম্মাননা প্রদান

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:৩৬

বাকৃবিতে ২৫ গবেষক ও ৬ কৃষককে সম্মাননা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গবেষণা অগ্রগতি’ শীর্ষক তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে কৃষিখাতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ জন গবেষককে পুরস্কৃত করা হয় এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও মাঠপর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়।

 

শনিবার (৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এবারের কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু-সহিষ্ণু ও টেকসই উন্নয়নের জন্য কৃষি গবেষণার রূপান্তর’।


অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি।


উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ কর্মশালার মাধ্যমে গত বছরের গবেষণার সাফল্য ও সীমাবদ্ধতা মূল্যায়ন করা হবে, যা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি গবেষকদের আধুনিক ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।


ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাকৃবির গবেষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাউরেসের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।


অনুষ্ঠানে কৃষিখাতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ জন গবেষককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ স্কোরধারী পাঁচজন পান ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’। এছাড়া অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষককে একই স্বীকৃতি দেওয়া হয়।


কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও মাঠপর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রান্তিক ও তুলনামূলক কম পরিচিত কৃষকদের উৎসাহিত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।


বাউরেস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬২৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও ৬৩৮টি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। তিন দিনব্যাপী এ কর্মশালায় ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন ও অনুষদভিত্তিক ছয়টি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে।


মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হবে। এছাড়া পোস্টার সেশন থেকে প্রতি অনুষদে তিনজন করে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেওয়া হবে।


কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক ও সিনিয়র কর্মকর্তারা অংশ নেন। আগামী ১১ মে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে গবেষণা কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন এবং টেকসই ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে কৃষি গবেষণার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হবে।