পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ‘পাঠকবন্ধু’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ২৩:০৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে 'আজকের পত্রিকা'র স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠকবন্ধু’র শাখা কমিটির উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
আজ শনিবার (২ মে) বিকেলে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
পাবিপ্রবি শাখা ‘পাঠকবন্ধু’র আহ্বায়ক নাজমুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হাসান নিপুনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সানোয়ার সনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে পাঠকবন্ধুর ভূমিকার প্রশংসা করেন এবং এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন তানভীর হাসান নিপুন। তাঁর দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে পাঠকবন্ধুর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের আমন্ত্রিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকলে পাঠকবন্ধুর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

logo-2-1757314069.png)
