বাংলাদেশে ফলিত বিজ্ঞান শিক্ষা আরও ব্যবহারিক, গবেষণাভিত্তিক এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে Kekuleon Research and Training Center (KRTC)-এর প্রথম একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “Bridging the Theory–Practice Gap in Science Education in Bangladesh” শিরোনামের এই সেমিনারটি ৩০ এপ্রিল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে দুইটি সেশনে প্রায় ৪০০ জনের অংশগ্রহণে আয়োজন করা হয়।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং একাডেমিক অতিথিরা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক পাঠদান এবং ব্যবহারিক বৈজ্ঞানিক দক্ষতার মধ্যে বিদ্যমান ব্যবধান কীভাবে কমিয়ে আনা যায়।

একাডেমিক আলোচনায় দেশের বিজ্ঞান শিক্ষার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল সীমিত ল্যাবরেটরি প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের জ্ঞান ও বাস্তব প্রয়োগের দুর্বল সম্পর্ক, স্নাতক পর্যায়ে গবেষণা-অভিজ্ঞতার ঘাটতি এবং উচ্চশিক্ষা ও টেকনিক্যাল পেশার জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাব। বক্তারা বলেন, এসব সমস্যা শুধু শিক্ষাব্যবস্থার নয়, বরং জনবিনিয়োগ, বৈজ্ঞানিক সক্ষমতা, কর্মসংস্থান এবং জাতীয় উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
সমাধান হিসেবে KRTC বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক মডেল উপস্থাপন করে। এই মডেলে একাডেমিক শিক্ষা, ল্যাবভিত্তিক অনুশীলন, গবেষণায় সম্পৃক্ততা, মেন্টরিং, দক্ষতা উন্নয়ন এবং সমাজভিত্তিক বৈজ্ঞানিক কার্যক্রমকে একটি কাঠামোর আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়।
সেমিনারের রিসার্চ কোঅর্ডিনেটর ছিলেন KRTC-এর ফাউন্ডার ও চেয়ারম্যান মো. জাকারিয়া হোসাইন। উদ্যোগটি গাইড করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহ মো. শাহান শাহরিয়ার এবং ড. দিলিপ কুমার সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে KRTC-এর পরিকল্পিত প্রশিক্ষণ কাঠামোও তুলে ধরা হয়। এতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থী থেকে শুরু করে স্নাতক, মাস্টার্স, পিএইচডি প্রার্থী, নবীন গ্র্যাজুয়েট এবং পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কার্যক্রমের মধ্যে রয়েছে মেধাভিত্তিক বৃত্তি, স্বল্প খরচে প্রশিক্ষণ, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, ল্যাব দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং কমিউনিটি হেলথকেয়ার উদ্যোগ।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা, গবেষক, শিল্পখাতের পেশাজীবী এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বিত সহযোগিতার আহ্বান জানানো হয়, যাতে দেশের বিজ্ঞান শিক্ষা আরও ব্যবহারিক, গবেষণামুখী এবং উন্নয়ন-সংযুক্ত হয়ে উঠতে পারে।

logo-2-1757314069.png)
