Logo
×

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে খুললো সিএসই বিভাগের তালা, দুই মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি

Icon

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৮

উপাচার্যের আশ্বাসে খুললো সিএসই বিভাগের তালা, দুই মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রভাষক নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের উত্তেজনা ও আন্দোলনের অবসান ঘটেছে আপাতত। উপাচার্যের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগে দেওয়া তালা খুলে দিয়েছে।


জানা যায়, সিএসই বিভাগে প্রভাষক হিসেবে মো. মঈনুল হক নিয়োগ পান। এই নিয়োগকে কেন্দ্র করে শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি এবং প্রার্থীর একাডেমিক যোগ্যতা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে।


এ প্রেক্ষিতে  শিক্ষার্থীরা উপাচার্য বরাবর গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করে এবং নিয়োগের নিরপেক্ষ তদন্ত দাবি জানায়। পরবর্তীতে  নিয়োগ বাতিলসহ তদন্ত কমিটি গঠনের দাবিতে আবারও আবেদন করা হয়। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায়  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন তারা।


দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ এপ্রিল সিএসই বিভাগের অফিস ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে দেন শিক্ষার্থীরা। তারা দুই দফা দাবিতে আন্দোলন চালিয়ে যান। ২৯ এপ্রিল প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও সন্তুষ্ট হতে পারেননি শিক্ষার্থীরা।


পরিস্থিতির প্রেক্ষিতে ৩০ এপ্রিল পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রোকনুজ্জামান। বৈঠকে তিনি আগামী দুই মাসের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে বিষয়টি তদন্ত ও সমাধানের আশ্বাস দেন। তিনি আরোও জানান এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন।  


উপাচার্যের এই আশ্বাসে আস্থা রেখে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগে দেওয়া তালা খুলে দেন এবং আপাতত কর্মসূচি স্থগিত করেন।


শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন।