বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা কার্যক্রমের সেমিনার অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত চারটি বিভাগের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে|
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার সম্পন্ন হয়| সেমিনারে অংশগ্রহণকারী বিভাগগুলো হলো— ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী| তিনি তাঁর বক্তব্যে বলেন, গবেষকদের গবেষণা কর্ম যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে| উপাচার্য বলেন, মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে|
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান| প্রতি বিভাগের বহিঃস্থ বিশেষজ্ঞগণ অনলাইনে সংযুক্ত হয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন|
বিজনেস স্টাডিজ অনুষদের উল্লিখিত চারটি বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন| সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়|

logo-2-1757314069.png)
