বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২১:৩৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কার্যক্রম টানা চার দিন ধরে চলবে এবং শেষ হবে আগামী ২৯ এপ্রিল।
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৬টি আসনের বিপরীতে ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী তাদের ভর্তি সম্পন্ন করেছেন। এদের মধ্যে ২৩৯ জন পুরুষ ও ২০৭ জন নারী শিক্ষার্থী। ফলে এখনো ৫৬০টি আসন শূন্য রয়েছে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ, পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হয়েছে। এরপর তারা স্বয়ংক্রিয়ভাবে এডমিশন, রেজিস্ট্রেশন, মেডিকেল ফরম, সার্টিফিকেট যাচাইকরণ তালিকা এবং পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করেছেন।
বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ২৬ থেকে ২৯ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যারা ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নতুন করে কোনো অর্থ জমা দিতে হচ্ছে না। প্রদত্ত অর্থ থেকে ভর্তি ফি কর্তনের পর অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সনদ জমা দিতে হচ্ছে। এরপর নির্ধারিত ফরমে ডিন, প্রভোস্ট ও প্রক্টরের স্বাক্ষর গ্রহণ করে রেজিস্ট্রারের অনুমোদন নিতে হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে স্থাপিত অনুষদভিত্তিক বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

logo-2-1757314069.png)
