জবিতে নবম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৯ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ) দুপুরে উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট (ছাত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন। সেরা অ্যাথলেট (ছাত্রী) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমীন আক্তারী এবং আইন বিভাগের ইসরাত জাহান। এছাড়া, সেরা বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
ছাত্রদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন, ২০০ মিটারে আইন বিভাগের তারেক আজিজ, ৪০০ মিটারে অর্থনীতি বিভাগের মাহমুদুল হাছান, ৮০০ মিটারে ইসলামিক স্টাডিজ বিভাগের সোলাইমান কবির। এছাড়া চাকতি নিক্ষেপে বাংলা বিভাগের সায়মন আহমেদ, গোলক নিক্ষেপে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাছান মিয়া, বর্শা নিক্ষেপে বাংলা বিভাগের হান্নান হাওলাদার, হাই জাম্পে ভূগোল ও পরিবেশ বিভাগের ফরহাদ হোসেন, লং জাম্পে আইন বিভাগের তারেক আজিজ এবং ট্রিপল জাম্পে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন প্রথম স্থান অর্জন করেন। রিলে দৌড়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চার শিক্ষার্থীর দল প্রথম স্থান অর্জন করেন।
অন্যদিকে, ছাত্রীদের বিভাগে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমীন আক্তারী প্রথম স্থান অর্জন করেন। চাকতি ও বর্শা নিক্ষেপ এবং লং জাম্পে আইন বিভাগের ইসরাত জাহান জয়া প্রথম হন। গোলক নিক্ষেপে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের তানজিলা নূর মাইশা, হাই জাম্পে গণিত বিভাগের স্মীতা জেরীন এবং ট্রিপল জাম্পে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্বর্ণা সাহা প্রথম স্থান অর্জন করেন। রিলে দৌড়ে ফিন্যান্স বিভাগের চার শিক্ষার্থীর দল প্রথম স্থান অর্জন করেন।
প্রতিযোগিতার ১০টি ইভেন্টে ছাত্র ও ছাত্রী—উভয় ক্যাটাগরিতে পৃথকভাবে প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। একইসঙ্গে সেরা অ্যাথলেট (উভয় ক্যাটাগরিতে) ও সেরা বিভাগকেও সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আহ্বায়ক অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াখাতে বাজেট বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য ড. তারেক বিন আতিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo-2-1757314069.png)
