Logo
×

শিক্ষা

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ৬ জনের

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৩১

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ৬ জনের

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


শনিবার (১১ এপ্রিল) বিকেলে ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৩৯ জন আবেদন করেছেন। এর অধীনে ৪টি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন ভর্তিচ্ছু ।


এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসনবিন্যাস করা হয়েছে।


'ডি' ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় দুটি ভবনে আসনবিন্যাস করা হয়েছে। আমরা আশা করছি, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে ইউনিটটি ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।