Logo
×

শিক্ষা

ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২২:২২

ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম নির্বাচিত হয়েছেন।


শনিবার (১১ এপ্রিল) ইবিরিউ কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. ফখরুল ইসলাম।


এরপর দুপুর ২টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া বিভিন্ন সংগঠনের শিক্ষক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা এতে অংশ নেন।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক এস. এম. শাহরীয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আশরাফুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিজানুর রহমান, শিহাব উদ্দিন, মিনহাজুর রহমান মাহিম ও মোসাদ্দেক হোসাইন।


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।


নবকমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।


সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবো।


নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।