ইবির হলে দীর্ঘদিনের অব্যবস্থাপনা; প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২২:১৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে দীর্ঘদিনের নানা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে হল গেট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পর উপাচার্য, প্রক্টর ও হল প্রভোস্টের উপস্থিতিতে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, হলটিতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশ, ডাইনিংয়ে নিম্নমানের খাবার, দুর্বল ওয়াইফাই সংযোগ এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। বিশেষ করে প্রতিটি ব্লকের ওয়াশরুম অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত। হলের চারপাশে ময়লার স্তূপ ও অপরিষ্কার ঝোপঝাড়ের কারণে মশার উপদ্রব বেড়ে গেছে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করছে।
তারা জানান, একাধিকবার হল প্রশাসনকে বিষয়গুলো জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রভোস্টের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও গত এক বছরে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এদিকে, পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বকেয়া থাকায় তারা নিয়মিত কাজ করছেন না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া ডাইনিংয়ের নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটছে বলে তাদের দাবি।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের অসুস্থতা ও বেতনসংক্রান্ত জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত এসব সংকট নিরসনের চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সব দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
