প্রশ্নফাঁস রোধে কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২৩:৫২
প্রশ্নফাঁসের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে ‘পাবলিক পরীক্ষা আইন’ আরো শক্তিশালী হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি সাইবার অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় কঠোর তল্লাশি নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই নকল বা অবৈধ উপকরণ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। কেন্দ্রসচিবদেরকে এই বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ’ তিনি আরো বলেন, ‘খাতা মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করতে হবে। আংশিক উত্তরের জন্য আংশিক নম্বর প্রদান করতে হবে। কিন্তু অযাচিতভাবে নম্বর বাড়ানো বা কমানো যাবে না।’ এক্ষেত্রে খাতা মূল্যায়নে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি চালুর কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে মূল্যায়নে সমতা নিশ্চিত হয়।’ শিক্ষার মান উন্নয়নে ইন-হাউস কোচিং চালুর ওপর জোর দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের বাইরের কোচিং নির্ভরতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ সভায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী, জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন লাহেড়ী, দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মহসিন ভূঁঞা এবং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান প্রমুখ।

logo-2-1757314069.png)
