Logo
×

শিক্ষা

ইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৮ দশমিক ৪৯ শতাংশ

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:৫৯

ইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৮ দশমিক ৪৯ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ কেন্দ্রে মোট ১১ হাজার ১৮৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন, যা মোট আবেদনকারীর ৭৮.৪৯ শতাংশ।


শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এতে ২০৯ জন আবেদনকারীর মধ্যে ১০০ জন পরীক্ষার্থী অংশ নেন, যা উপস্থিতির হার ৪৭.৮৫ শতাংশ।


ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রের প্রধান ফটক এলাকা, হেল্পডেস্ক এবং বিভিন্ন ভবনের একাধিক পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর ড. মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। নকল ও প্রক্সি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। এছাড়া অভিভাবকদের জন্য পৃথক কর্নার এবং প্রধান ফটক এলাকায় বিভিন্ন সংগঠনের হেল্পডেস্ক থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এছাড়া যানজট নিয়ন্ত্রণে কুষ্টিয়া–খুলনা মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়।


এদিকে, ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ইবির ব্যবস্থাপনায় এ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শেষ দিনে সারাদেশে উপস্থিতির হার ছিল ৭৫.৭৬ শতাংশ।


উল্লেখ্য, এ বছর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৮৮০টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন পরীক্ষায় অংশ নেন।


আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।