গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা; পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ইবির ছাত্রসংগঠনগুলো
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:২৯
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় "হেল্প ডেস্ক" স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন। সময়োপযোগী এসব উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে ছুটে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের হেল্প ডেস্কগুলোতে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা পরীক্ষার্থীদের নির্ধারিত রুম ও ভবন চিহ্নিত করে দেওয়াসহ, প্রয়োজনীয় তথ্য সহায়তা, কলম, খাবার পানি-স্যালাইন সরবরাহ করছেন, এছাড়া অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং সার্বিক ভোগান্তি কমাতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় তাদের। পাশাপাশি
শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করতেও দেখা যায়। এসময় ছাত্রসংগঠনগুলো শাখা পর্যায়ের প্রধান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রসংগঠনগুলো হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস, জমিয়তে তালাবা আরাবিয়া এবং ছাত্র ইউনিয়ন।
এদিকে, সংগঠনগুলোর এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
চুয়াডাঙ্গা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “তাড়াহুড়োর কারণে কলম আনতে ভুলে গিয়েছিলাম। পরে কেন্দ্রে এসে হেল্পডেস্ক থেকে বিনামূল্যে কলম পেয়েছি। একই সঙ্গে পানির বোতলও পেয়েছি এবং স্যালাইনও রাখা আছে দেখতে পেলাম। তীব্র গরমে অনেকেই কষ্ট পাচ্ছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সত্যিই সময়োপযোগী এবং প্রশংসনীয়।”
অন্যদিকে, এক অভিভাবক বলেন, আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে এখানের শিক্ষার্থীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলেই বলার সঙ্গে সঙ্গে সেটা পাচ্ছি। প্রচণ্ড গরমে খাবার স্যালাইনসহ সুপেয় পানির যে ব্যবস্থা করা হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা সত্যিই খুব ভালো একটি উদ্যোগ।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় অভিভাবক কর্নার স্থাপন করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সহায়তার মাধ্যমে তাদের ভোগান্তি কমাতে আমাদের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করেছে।”
তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন, ফুলেল শুভেচ্ছা, কলম ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাই, নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। কারণ আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করেছি। হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ খাবার পানি, চকলেট, টিস্যু ও কলম সরবরাহ করা হয়েছে। এছাড়া, প্রাথমিক চিকিৎসার জন্য শিক্ষার্থীদের একটি মেডিকেল টিম কাজ করেছে আজ। সেখানে আমরা প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ করেছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থা ছিল। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও সময় কাটানোর জন্য কিছু পাঠযোগ্য সামগ্রীও রাখা হয়েছিল। আজকের কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, আমাদের এই ছোট উদ্যোগগুলো তাদের ভোগান্তি কিছুটা হলেও কমাতে সহায়তা করেছে।”

logo-2-1757314069.png)
