Logo
×

শিক্ষা

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সারাদেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্র থেকে মোট ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।


ইবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের সমন্বয়কারী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, এ বছর ইবি কেন্দ্রে ৯টি ভবনের ১৯৫টি কক্ষে মোট ১১ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পূর্ববর্তী পরীক্ষায় কয়েকটি কক্ষে ঘড়ি ও ফ্যান সংক্রান্ত যে সমস্যার অভিযোগ উঠেছিল, তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। ফলে এবার পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারবেন।


এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে এবং এতে প্রার্থীর রঙিন ছবি ও তথ্য স্পষ্টভাবে থাকতে হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে।


এছাড়া, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। আশা করছি, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


উল্লেখ্য, গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট ও ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার তিন দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এবারের শিক্ষাবর্ষে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটেই ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন আবেদন করেন। এছাড়া ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ জন আবেদন করেছিলেন।