Logo
×

শিক্ষা

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; নিরঙ্কুশ জয়ে নেতৃত্বে বাবুল–তোজাম

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৮

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; নিরঙ্কুশ জয়ে নেতৃত্বে বাবুল–তোজাম

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ২০২৬–২৭ কার্যকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।


শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চুর অনুমতিতে সহকারী নির্বাচন কমিশনার ইসরাফুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ২৮৫ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৩২৬ ভোট পেয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম বিজয় লাভ করেছেন। 


এছাড়া নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ বাবুল–তোজাম পরিষদ)। অন্যদিকে, একটি সদস্য পদে জয়লাভ করে রিপু–লতিফ পরিষদ।


নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন, সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন।


এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম শহিদ, কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের উপ-রেজিস্ট্রার আবু জাফর আদম, অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান, এস্টেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, এবং পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন জাকির (রিপু–লতিফ প্যানেল থেকে বিজয়ী)।


এদিকে, নিরঙ্কুশ এই বিজয়ে সন্তোষ প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতারা। 


নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। সাধারণ কর্মকর্তাদের এই স্বতঃস্ফূর্ত রায় প্রমাণ করে তারা পরিবর্তন এবং অধিকার নিশ্চিত করতে উন্মুখ ছিলেন। আমাদের প্রথম কাজ হবে কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। আমরা দলমত নির্বিশেষে কর্মকর্তা সমিতিকে সবার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা যে ইশতেহার দিয়েছি, তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো।


উল্লেখ্য, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ বা মঈদ বাবুল–তোজাম পরিষদ এবং অন্যটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ ধারার রিপু–লতিফ পরিষদ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৩ জন।