ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৬ দশমিক ৮২
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৮:২৪
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন, যা মোট উপস্থিতির ৮৬.৮২ শতাংশ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান ফটক এলাকা, হেল্পডেস্ক এবং বিভিন্ন ভবনের একাধিক পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। নকল ও প্রক্সি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে দুটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। ইবি থানার সামনে অভিভাবকদের জন্য পৃথক বিশ্রামকেন্দ্র এবং প্রধান ফটক এলাকায় বিভিন্ন সংগঠনের হেল্পডেস্ক থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এছাড়া যানজট নিয়ন্ত্রণে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়।
এদিকে, গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশে আবেদন করেন মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ জন, যা উপস্থিতির হার ৮২.৪৫ শতাংশ।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo-2-1757314069.png)
