Logo
×

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা; পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ইবির ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৮:২২

গুচ্ছ ভর্তি পরীক্ষা; পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ইবির ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন হেল্প ডেস্ক স্থাপন করে। সময়োপযোগী এসব উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে ছুটে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।


সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দু'ধারের হেল্প ডেস্কগুলোতে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষ ও ভবন চিহ্নিত করে দেওয়া, প্রয়োজনীয় তথ্য সহায়তা, কলম, খাবার পানি ও স্যালাইন সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করছেন। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থাও করতে দেখা যায় তাদের। এ সময় ছাত্রসংগঠনগুলোর শাখা পর্যায়ের প্রধান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রসংগঠনগুলো হলো– বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়া।


শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, গুচ্ছ ভর্তি কার্যক্রমকে সহজতর করতে ক্যাম্পাসে ‘অভিভাবক কর্নার’ স্থাপন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবকদের বিশ্রামের সুযোগ ও প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা নিরলসভাবে এ কাজে যুক্ত ছিলেন। এছাড়া পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন, কলম, ফুলেল শুভেচ্ছা এবং প্রাথমিক চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।


শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কক্ষ ও ভবন চিহ্নিত করে দেওয়া, দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি খাবার পানি, স্যালাইন, চকলেট, টিস্যু ও কলমের ব্যবস্থা রাখা হয়। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং সময় কাটানোর জন্য কিছু সাহিত্য সামগ্রীও রাখা হয়েছিল। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণের ব্যবস্থাও করা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং রোদ থেকে সুরক্ষার জন্য পানি বিতরণ করা হয়।


ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম সিদ্দিকী বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে এবং শিক্ষার্থীদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছি। সেই ধারাবাহিকতায় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে আজকের হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালিত হয়েছে। 


তিনি আরও বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হয়েছে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারেন। এছাড়া ভবিষ্যতেও এই ধরনের সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান বলেন, সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মোবাইল ফোন, ঘড়ি ও ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয় এবং শিক্ষার্থীদের জন্য পানি, কলম, চকলেট ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে।


এবারের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন নিজ নিজ উদ্যোগে সহায়তা কার্যক্রম চালিয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় সংগঠনগুলোর এসব উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা।