Logo
×

শিক্ষা

রাত পোহালেই গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ২২:৪১

রাত পোহালেই গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

রাত পোহালেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সারাদেশে ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ‘বি’ ইউনিটের (মানবিক) অধীনে মোট ৯ হাজার ১৩৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের জন্য ৭টি ভবনে আসনবিন্যাস করা হয়েছে। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদ ভবনে ১,৩০৫ জন, রবীন্দ্র-নজরুল ভবনে ২,০২৪ জন, ব্যবসায় প্রশাসন ভবনে ১,৫৬৮ জন, মীর মশাররফ হোসেন ভবনে ১,৫৬৯ জন, ইবনে সিনা ভবনে ১,৪০০ জন, ফলিত বিজ্ঞান ভবনে ৯৫৮ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল ভবনে ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে। এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি ও তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে।


এদিকে পরীক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।


এ বিষয়ে ইবি কেন্দ্রের ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, পরীক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি। সবকিছু ঠিকঠাক আছে। আশা করি, আগামীকাল উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।