Logo
×

শিক্ষা

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলপ্রকাশ; প্রথম যশোরের ঐশী

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৫:৫৯

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলপ্রকাশ; প্রথম যশোরের ঐশী

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী।


সোমবার (৩০ মার্চ) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ হাজার ৬০৬ জন, যা মোট আবেদনকারীর ৭৭.৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০ শতাংশ)।


পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১২ হাজার ৯৭৮ জন ৩০ বা তার বেশি নম্বর পেয়ে প্রাথমিকভাবে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন, যা উপস্থিত পরীক্ষার্থীদের ৬৬ শতাংশ। অন্যদিকে, ৩০-এর নিচে নম্বর পাওয়ায় ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০ শতাংশ) অকৃতকার্য হয়েছেন। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৬ জনের ফলাফল বাতিল করা হয়েছে।


উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার তিন দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম জমা দিতে হবে।


এছাড়া আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।