Logo
×

শিক্ষা

ইবি শিক্ষিকা হত্যা: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২২:১১

ইবি শিক্ষিকা হত্যা: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। রবিবার (২৯ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে, গত ৪ মার্চ ২০২৬ তারিখে নিজ বিভাগের অফিস কক্ষে নৃশংসভাবে হত্যার শিকার হন ওই শিক্ষিকা। ঘটনার পরপরই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হত্যাকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।


এর আগে বুধবার (২৫ মার্চ) হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ এবং সাংবাদিক ও পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট থেকেও লিখিত তথ্য আহ্বান করা হবে বলে জানানো হয়।


প্রসঙ্গত, গত ৪ মার্চ নিজ কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন এক কর্মচারী। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।