আজ প্রকাশ হতে পারে গুচ্ছ ‘সি’ ইউনিটের ফলাফল, উৎকণ্ঠায় ভর্তিচ্ছুরা
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৮:০৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল আজই প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্ভাব্য এ খবরে উৎকণ্ঠা ও আগ্রহে দিন পার করছেন হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থী।
রবিবার (২৯ মার্চ) সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক তথ্যটি নিশ্চিত করেন।
জানা যায়, ফলাফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আজ রাত ৮টায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ফল উপস্থাপন করা হবে এবং সভা শেষে যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল এসএমএস ও নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন।
এর আগে, গত শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এ বছর ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন। উপস্থিতির হার ছিল ৭৭.৭৫ শতাংশ।
উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo-2-1757314069.png)
