আ. লীগ আমলের মতো পরীক্ষা দেশে আর হবে না, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০০:২৫
আওয়ামী লীগ আমলের মতো পরীক্ষা এ দেশে আর হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে শিক্ষকদের হাতে দুইটা কলম থাকতো। একটা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো, শিক্ষকরাই নকল সরবরাহ করতো।
এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা।’ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় তিনি আরো বলেন, ‘একজন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করে।
ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়ার সাওয়াব হবে। এটা আপনাদের জন্যও একটা এবাদতখানা।’ নকল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা, বন্ধও করেছিল শিক্ষকরা। আবার হাসিনা সরকারের সময় দেশে নকলে সয়লাব হয়ে গেছে। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না।
সেক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না, সর্বদা প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসব।’ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ প্রমুখ।

logo-2-1757314069.png)
